'বাঘিনী'-তে সম্পিতা প্রামাণিকের বিপরীতে নায়ক রাহুল গঙ্গোপাধ্যায়, জি বাংলার নতুন মেগায় নতুন জুটি

জি বাংলার আসন্ন ধারাবাহিক 'বাঘিনী' নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রথমে জানা গিয়েছিল, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হতে চলেছে নবাগতা সম্পিতা প্রামাণিকের। এরপর থেকেই প্রশ্ন ছিল, তাঁর বিপরীতে নায়কের চরিত্রে কাকে দেখা যাবে? এবার সেই জল্পনার অবসান ঘটল।

জানা যাচ্ছে, 'বাঘিনী' ধারাবাহিকে সম্পিতা প্রামাণিকের বিপরীতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করবেন রাহুল গঙ্গোপাধ্যায়। এর আগে তাঁকে সান বাংলার 'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখেছেন দর্শক। এবার জি বাংলার নতুন মেগায় সম্পিতার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তিনি।

ধারাবাহিকটির কাহিনি সুন্দরবনের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ঘন জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করা মানুষদের বাস্তব লড়াই এই গল্পের মূল উপজীব্য। প্রোমোর ঝলকে দেখা গিয়েছে, সদ্যজাত সন্তানকে বুকে বেঁধেই গভীর জঙ্গলে মধু সংগ্রহে যায় এক মা। বাঘের ভয়কে উপেক্ষা করে তাঁর বেঁচে থাকার লড়াই নিয়েই এগোবে 'বাঘিনী'-র গল্প।

এর আগে বিভিন্ন পরিচিত অভিনেত্রীর নাম এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য শোনা গেলেও শেষ পর্যন্ত নবাগতা সম্পিতা প্রামাণিককেই বেছে নেন নির্মাতারা। ইতিমধ্যেই জি বাংলার তরফে প্রকাশ করা হয়েছে ধারাবাহিকটির প্রথম প্রোমো।

উল্লেখ্য, সম্পিতা প্রামাণিক পেশায় একজন নৃত্যশিল্পী এবং মডেল। অভিনয় জগতে এটাই তাঁর প্রথম কাজ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, 'বাঘিনী' ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে রাহুল গঙ্গোপাধ্যায় ও সম্পিতা প্রামাণিককে। এখন দর্শকদের নজর এই নতুন জুটির পর্দার রসায়নের দিকে।

Previous Post Next Post